বিবিসি বাংলার বিশেষ প্রতিবেদন
শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লির নতুন ছক!
ছবি: শেখ হাসিনা
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে দুটি শর্তের কথা ভাবছে ভারত। এর একটি হলো, বাংলাদেশের সেনাবাহিনীকে দিল্লি থেকে তাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যটি, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের অভিযোগে নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। বিবিসি বাংলার এক বিশেষ প্রতিবেদনে দিল্লির সরকারি ও সামরিক সূত্রের বরাতে এসব তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। তবে কয়েক মাস আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান। এখন পর্যন্ত নিজের এই অবস্থান থেকে সরে আসেননি তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দীর্ঘদিনের অবস্থান ভারতের জন্য ক্রমেই কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠছে। তৃতীয় কোনো দেশে তাকে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায় এখন বাংলাদেশে প্রত্যাবর্তনকেই বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে দিল্লি। তবে তাকে বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিতে আগ্রহী নয় ভারত। এতে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে বলে মনে করছেন দেশটির পর্যবেক্ষকেরা।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা চায় দিল্লি। তিনি যেভাবে সামরিক বিমানে ভারতে পৌঁছেছিলেন, একইভাবে বাংলাদেশের সামরিক বিমান পাঠিয়ে তাকে ফিরিয়ে নেওয়া যেতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তেও তাকে গ্রহণ করতে পারে বাংলাদেশের সেনাবাহিনী। এ ধরনের প্রত্যাবর্তনে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতেও ভারত প্রস্তুত বলে বিবিসিকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দ্বিতীয় শর্তটি হলো, দেশে ফেরার পর শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারপ্রক্রিয়ার সুযোগ পান। তার বিচার আন্তর্জাতিক গণমাধ্যমের নজরদারিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, সেটিও চায় ভারত বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে দাবি করেছে বিবিসি। অক্টোবরে দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। এই সফরের সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টির যোগসূত্র রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় সামরিক সূত্র।
তবে দিল্লির কর্মকর্তাদের ধারণা, বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেও বাস্তবে তার প্রত্যাবর্তনে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা করছে। জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষের মতো অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে তাকে ফেরানো নিয়ে ঢাকার অনীহা থাকতে পারে বলে মনে করছেন তারা।
সব শর্ত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম বলেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা। তবে তার প্রত্যাবর্তনের ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। দিল্লির বিবেচনায় এটিও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক।
বিভি/এমআর













মন্তব্য করুন: