• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

লন্ডনে হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান নাহিদের

প্রকাশিত: ১১:৪০, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৪০, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লন্ডনে হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান নাহিদের

যুক্তরাজ্যের লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার হলের বাইরে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে পাঁচজন কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিচার্জ করে পুলিশ।

এ ঘটনার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম বলেন, লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে তারা কৃতজ্ঞ ও অভিভূত। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির প্রতিনিধি এবং ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

তবে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে নাহিদ অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের ধারাবাহিকতা বিদেশের মাটিতেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিন্নমত দমনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের পথ বেছে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সহিংসতা কিংবা ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

লন্ডনের এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। একই সঙ্গে দেশটির গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সহিংসতামূলক কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বিভি/এফবি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত