• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কাছে ভারত হচ্ছে আনন্দের জায়গা: রিজভী

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ১৭:০৯, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আওয়ামী লীগের কাছে ভারত হচ্ছে আনন্দের জায়গা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে ভারত হচ্ছে প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, নিরাপত্তার জায়গা। তারা নিজের দেশকে নিরাপত্তার জায়গা মনে করে না। এ কারণে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাকশালের একটি অংশই ১৫ আগস্ট ঘটিয়ে শেখ মুজিবসহ অন্যান্যদের হত্যা করেছিল। তিনি বলেন, ৭১ এর অরক্ষিত স্বাধীনতা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমে সুরক্ষিত হয়েছিল। ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল চেতনা ছিলো ৭ নভেম্বরের চেতনা। যখনই দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে, তখনই ৭ নভেম্বরের চেতনায় মানুষ উদ্বুদ্ধ হয়ে জেগে উঠেছে। 

রিজভী বলেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ভিন্নমত দমন করার পাশাপাশি বাক স্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরে এসেছে।

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমির মীমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার ওয়াসিম হোসেন, ডাক্তার মোফাখখারুল ইসলাম ও রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিক সাবু।

বিভি/পিএসি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত