দেশের বর্তমান রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত দুই বছরে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী ধারার কথা উল্লেখ করার পাশাপাশি বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং হুন্ডি প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। আর বর্তমানে, অর্থাৎ ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো হয়েছে।
প্রবাসী আয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই প্রধান উৎসের পথটি চালুর উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই প্রথম বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন রাখতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ট্রান্সফার খরচও কমেছে।
এ ছাড়া বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নগদ প্রণোদনা প্রদানের পাশাপাশি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে বলেও জানান তিনি।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: