শেখ হাসিনার দেশে আসাতে সরকার বাধা দিচ্ছে না: মীর হেলাল
শেখ হাসিনার দেশে আসাতে সরকার বাধা দিচ্ছে না, কিন্তু দেশে আসবে আসবে বলে যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে সেটি না করে দেশে ফিরে আত্মসমর্পণ করে আইনিভাবে মোকা করতে হবে- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনা দণ্ডিত আসামী উল্লেখ করে মন্ত্রী বলেন, তার আসাতে সরকার বাধা দিচ্ছে না। কিন্তু দেশে আসবে আসবে বলে যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে সেটি না করে দেশে ফিরে আত্মসমর্পণ করে আইনিভাবে মোকাবিলা করতে পারেন।
তিনি আরও বলেন, দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। ২৪ এর আন্দোলনের সকল পক্ষকে সাথে নিয়ে রাজপথে তাদের মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
এদিকে, অনলাইনে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠানে গবেষণা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।
হীরকজয়ন্তী ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিলো বর্ণাঢ্য আয়োজন। সকালে শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। পরে কেন্দ্রীয় খেলার মাঠে হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ। এতে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইউজিসি চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
বিভি/ এসআই













মন্তব্য করুন: