• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর বৃহৎ পরিকল্পনার কথা জানালেন মহাপরিচালক

প্রকাশিত: ১০:৪৮, ২৫ আগস্ট ২০২৬

আপডেট: ১০:৪৮, ২৫ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর বৃহৎ পরিকল্পনার কথা জানালেন মহাপরিচালক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন বলেছেন, বিটিভি আরও বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য বৃহৎ পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভিকে শুধু অতীতের অবস্থানে ফিরিয়ে নেওয়া নয়, বরং একটি অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড প্রোফাইলে এ সংক্রান্ত পোস্ট করেন কাজী জেসিন।

বিটিভির মহাপরিচালক বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রচারযন্ত্র হিসেবে ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও দর্শক আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। এমন বাস্তবতায় গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিটিভিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে একটি ‘ক্রেডিবল চ্যানেল’ হিসেবে দেখতে চান। তার পরিকল্পনায় বিটিভি হবে এমন একটি গণমাধ্যম, যেখানে আধুনিকতা, পেশাদারিত্ব ও জনআস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিটিভির মহাপরিচালক আরও বলেন, “মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।” প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা শুনে তিনি অভিভূত হয়েছেন বলেও উল্লেখ করেন।

তার ভাষ্য, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ কাজ নয়। তবে বিটিভিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এই উদ্যোগ একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দের। সেই লক্ষ্যেই ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বিটিভি শুধু আগের জায়গায় ফিরে যাবে না; বরং প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে চান। বিটিভির এই পরিবর্তনের যাত্রায় সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মহাপরিচালক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: