• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

তৌফিক হত্যার দায় আন্দোলনে ঢুকে পড়া নাশকতাকারীদের: সাইমুম পারভেজ

প্রকাশিত: ১৬:২০, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১৪, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তৌফিক হত্যার দায় আন্দোলনে ঢুকে পড়া নাশকতাকারীদের: সাইমুম পারভেজ

ফেসবুক থেকে নেওয়া

শ্রমিকদের চলমান আন্দোলনে অনুপ্রবেশকারী নাশকতাকারীদের কর্মকাণ্ডে গাইবান্ধার পোশাকশ্রমিক তৌফিক শেখ নিহত হয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাইমুম পারভেজ।

পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনীতিতে আন্দোলন-সংগ্রাম একটি স্বাভাবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এমন বাস্তবতায় শ্রমিকদের বেতন ও মজুরি বৃদ্ধির দাবিকে অযৌক্তিক বলার সুযোগ নেই।

সাইমুম পারভেজ বলেন, চলমান আন্দোলন শুরু হওয়ার আগেই সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিল। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই প্রক্রিয়া আরও গতি পেয়েছে। তবে শুরু থেকেই সরকারের উদ্বেগ ছিল, কারণ এই আন্দোলনে পতিত ফ্যাসিবাদী শক্তির অনুপ্রবেশ ঘটেছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুঃখজনকভাবে এই ভ্রান্ত রাজনীতির সর্বশেষ শিকার হয়েছেন গাইবান্ধার পোশাকশ্রমিক তৌফিক শেখ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে সাইমুম পারভেজ জানান, আন্দোলনকারী পরিচয়ে একটি পক্ষ কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তৌফিক ঘটনাটি ভিডিও করার চেষ্টা করলে তাকে হত্যা করা হয়।

তৌফিকের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সাইমুম পারভেজ বলেন, শ্রমিক নেতৃবৃন্দ ও সরকারের বারবার আহ্বান সত্ত্বেও যারা এই আন্দোলনকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, তারাও এই মৃত্যুর দায় এড়াতে পারেন না।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে লাশের রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি শান্তিপূর্ণ পথে আদায় হোক, কোনো প্রাণের বিনিময়ে নয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: