পাসপোর্ট ছাড়াই ফিরতে পারবেন হাসিনা, বন্দী হিসেবে; আসিফ নজরুলের অভিমত
ফাইল ছবি
ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার জন্য পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে বড় ধরনের ‘রাজনৈতিক ভুল’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা প্রকারান্তরে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথই আরও সহজ করে দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ড. আসিফ নজরুল।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই মনে করছেন, দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে।
তবে আইনি জটিলতার বিষয়টি তুলে ধরে আসিফ নজরুল বলেন, সমস্যা হলো শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণের অনুরোধ জানানো কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, ভারত সরকার চাইলে শেখ হাসিনাকে গ্রেফতার করে যেকোনো সময় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
শেখ হাসিনার এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে ভারতের ওপর বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ। তার ভাষ্য, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা সেই পথই সহজ করে দিয়েছেন। বাংলাদেশ সরকার এখন জোর দিয়ে বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। ফলে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে’—এমন অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি ভারতের কাছে আর গ্রহণযোগ্য থাকার কথা নয়।
আসিফ নজরুলের মতে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতকে এখন আরও জোরালোভাবে বলা সম্ভব হবে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে পোস্টের শেষাংশে ড. আসিফ নজরুল লিখেছেন, “শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।”
বিভি/পিএইচ













মন্তব্য করুন: