• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

জলবায়ু খাতে ৪১৫ কোটি টাকার অনুদান পেয়েছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী

কেফায়েত শাকিল, তুরস্কের আনতালিয়া থেকে

প্রকাশিত: ১৪:০৭, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:১০, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জলবায়ু খাতে ৪১৫ কোটি টাকার অনুদান পেয়েছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী

ছবি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (বায়ে)

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে ইতিমধ্যে ৪১৫ কোটি টাকার অনুদান পেয়েছে বাংলাদেশ এবং আগামীতে আরও ২০০ কোটি টাকার বেশি অনুদান পাওয়ার আশ্বাস মিলেছে। পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ঋণের বদলে অনুদান দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জোরালো দাবিটি বিশ্বমঞ্চে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে বাংলাভিশন-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। সাক্ষাৎকারে জলবায়ু তহবিল, উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং বর্তমান গণতান্ত্রিক সরকার সম্পর্কে বিদেশিদের ইতিবাচক মূল্যায়নের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

সম্মেলন থেকে অনুদানপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, গতকাল সাইমুম পারভেজ মিট দ্য প্রেসে ঘোষণা করেছেন যে, আমরা ৪১৫ কোটি টাকা অনুদান হিসেবে অনুমোদন পেয়েছি। আগামীতে আরও ২০০ কোটি টাকার বেশি অনুদান পাব বলে আশ্বস্ত হয়েছি।

এ সময় ঋণগ্রস্ত দেশগুলোকে অনুদান দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দাবিটির কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দেশগুলো ঋণমুক্ত হওয়ার পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবে। জলবায়ু পরিবর্তন এবং লস অ্যান্ড ড্যামেজের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে জোরালোভাবে তুলে ধরা হচ্ছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাম্প্রতিক এক প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ষাটের দশকে নির্মিত উপকূলীয় পোল্ডার বা বেড়িবাঁধগুলো সংস্কার করা হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি নিজে কক্সবাজার গিয়ে দেখেছি অনেক পোল্ডার ভেঙে গেছে, পানি নিষ্কাশনের জন্য জনগণ অনেক জায়গা কেটে দিয়েছে। আমরা জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে দ্রুততার সঙ্গে টেকসই কাঠামো নির্মাণের মাধ্যমে এসব পোল্ডার পুনর্নির্মাণ করছি।

নদী খনন ও নাব্যতা ফিরিয়ে আনার বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশে নদী-খাল খননের কাজ চলছে। এ ছাড়া বহু প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প ইতিমধ্যে একনেকে পাস হয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে এর কাজের শুভ উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, এই ব্যারেজ নির্মিত হলে ওই অঞ্চলে লবণাক্ততার সমস্যা দূর হবে এবং কৃষিকাজ, বৃক্ষরোপণ ও মাছ চাষের মাধ্যমে মানুষের জীবন-জীবিকায় নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

কপ-৩১ সম্মেলনে নারী ও শিশুদের অধিকার নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, জাইমা রহমানও এই কপে শিশু, তরুণ ও নারীদের নিয়ে কাজ করছেন। জলবায়ু পরিবর্তন এবং নদীভাঙনের ক্ষেত্রে নারী ও শিশুদের সুরক্ষা এবং তাদের কী ভূমিকা রাখা উচিত, সেই বিষয়গুলো বিশ্বমঞ্চে উঠে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক পরিসরে বর্তমান সরকারের ভাবমূর্তি প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, সম্মেলনে জাপান, ভারত, ইরান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং তুরস্কের গভর্নরের সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় বিদেশিরা ব্যাপকভাবে প্রশংসা করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাবলীল ও সাধারণ জীবনযাপন বিদেশিদের মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, তারা তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি বলে মনে করছেন। প্রধানমন্ত্রীর এই ইতিবাচক ইমেজ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে, যা নিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।

 

বিভি/কেএস/বিএস/এমআর 

মন্তব্য করুন: