নামাজ আদায়ে বের হয়ে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল দিনমজুরের
রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় মো. গোলাম মোস্তফা (৫০) নামে এক দিনমজুরকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মতিহার থানার ডাঁসমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে।
স্বজনরা জানান, মোস্তফা নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। খোঁজাপুর কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা দিনমজুরি করে সংসার চালাতেন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা নিয়ে এলাকায় ধোঁয়াশা রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে জানান, মোস্তফাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ-এর মতিহার জোনের এসি সোহেল রানা বলেন, গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: