• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৪, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৭:০৫, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তার শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত গৃহবধূ কারিনা দাস (২৩) সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের বড় মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তালা উপজেলার কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে কারিনা দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন বলে অভিযোগ পরিবারের।

কারিনার বাবা সঞ্জয় দাস জানান, তার জামাতা সুজিত টিউশনি করলেও তার কোনো স্থায়ী আয় ছিল না। এ কারণে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সুজিত ও তার মা কারিনার ওপর চাপ সৃষ্টি করতেন এবং তাকে নানাভাবে নির্যাতন করতেন। তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরে হঠাৎ শ্বশুরবাড়ি থেকে কারিনার মৃত্যুর খবর পান তারা। পরে কাশিপুর গ্রামের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পাটকেলঘাটা থানা পুলিশ।

কারিনার মামা গৌর দাস বলেন, তার ভাগ্নীর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না। তিনি ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

স্বজনদের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে এবং দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তারা কারিনার মৃত্যুর ন্যায্য বিচার নিশ্চিত করতে প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ জানান, মঙ্গলবার সকালে কারিনাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। তার শরীরে কিছু আঘাতের চিহ্নও দেখা গেছে বলে তিনি জানান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত