• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ফেনীতে ট্রাকের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী বাস

প্রকাশিত: ২০:১৫, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফেনীতে ট্রাকের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী বাস

ফেনীর সিলোনিয়া এলাকায় বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, হেলপারসহ অন্তত ১২ জন আহত হন।
 
দুর্ঘটনার পর আহতদের মধ্যে ৪ জন ফেনী শহরের রয়েল হাসপাতালে এবং ২ জন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অন্যরা আশপাশের ফার্মেসি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭), তার স্ত্রী মিনু (২৫) ও সোহাগের (৪৮) নাম জানা গেছে। এছাড়া আরও কয়েকজন চিকিৎসা নিলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফেনী রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগে দায়িত্বরত জান্নাত বলেন, হাসপাতালে দুর্ঘটনায় চারজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজনের নাম সোহাগ, অন্যরা নাম-পরিচয় উল্লেখ না করেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। আহতদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন। অনেকজন কিছুক্ষণ অপেক্ষা করে আবার অন্য বাসে করে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। তুলনামূলক যারা বেশি আহত হয়েছেন তারাও চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: