• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

শ্রীমঙ্গলে তেল ও গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত, লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ২০:৪৮, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
শ্রীমঙ্গলে তেল ও গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত, লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে মজুত করা ২৯ হাজার ৭২৪ কেজি এলপিজি গ্যাসও জব্দ করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমটি হলো মেসার্স ন্যাশনাল ট্রেডিং। সুবোধ চন্দ্র সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানটি রুস্তমপুর এলাকায় অবস্থিত এবং এখানে ১ হাজার ৯৭১টি এলপিজি সিলিন্ডার অবৈধভাবে মজুত করা হয়েছিল। অন্যটি হলো- শান্ত এন্টারপ্রাইজ। শান্ত সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) মজুদ করা হয়েছিল এবং ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়। পরে প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান সাধারণ জনগণকে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও কালোবাজার প্রতিরোধে জরুরি। শ্রীমঙ্গলের পদক্ষেপে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিকভাবে পৌঁছাতে সহায়তা হবে।

প্রশাসন আরও জানিয়েছে, আইন অমান্যকারী ব্যবসায়ী ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: