দোকানের পেছনে বসতবাড়িতে অভিযান, মিললো ১৫০ লিটার তেল
দীঘিনালায় চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার রাতে কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় একটি দোকানঘর থেকে জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ‘আলম স্টোর’-এর পেছনের একটি বসতঘর থেকে মোট ১৫০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়। এর মধ্যে ১২০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন রয়েছে। অভিযানের সময় দোকান মালিক মোহাম্মদ আলমকে আটক করা হয়। তিনি উত্তর মিলনপুর এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।
অভিযান পরিচালনা করেন দীঘিনালা জোনের সার্জেন্ট মামুনুর রশীদ এবং দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন শীল। উদ্ধারকৃত জ্বালানি ও আটক ব্যক্তিকে পরবর্তীতে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংকটকালীন পরিস্থিতিতে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এসব জ্বালানি অবৈধভাবে মজুত করা হয়েছিল।
সংশ্লিষ্টদের মতে, এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখা না গেলে মজুতদাররা আরও সক্রিয় হয়ে উঠতে পারে। তাই বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন তারা।
বিভি/এজেড



মন্তব্য করুন: