• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:১২, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে লিটন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার রতনপুর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের হামছাদী এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত শনিবার স্থানীয় সাকিব ও তার সহযোগীদের সঙ্গে লিটনের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। সেই ঘটনার সূত্র ধরে রবিবার রাতে লিটন রতনপুর এলাকা দিয়ে যাওয়ার সময় সাকিবসহ একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: