ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা হারালেন পুলিশ সদস্য
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে ওই পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে জানান, এমরান মিয়া বাগেরহাটে কর্মরত ছিলেন। তিনি খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুরবাড়িতে আসছিলেন। সোমবার সকালে ট্রেনটি আত্রাই রেলস্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এ সময় এমরান মিয়া ট্রেনের দরজা থেকে লাফ দিয়ে নামতে গেলে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
ওসি আরও জানান, স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে এমরান মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: