• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মধুপুর-ধনবাড়ী হয়ে জামালপুর পর্যন্ত রেললাইন নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার

প্রকাশিত: ১৯:৫৬, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৫৬, ১০ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
মধুপুর-ধনবাড়ী হয়ে জামালপুর পর্যন্ত রেললাইন নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার

মধুপুর-ধনবাড়ীতে রেললাইন নির্মাণের দাবি

টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা হয়ে জামালপুর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের দাবি জানিয়েছেন বৃহত্তর মধুপুর-ধনবাড়ীর বাসিন্দারা। দীর্ঘদিনের এ দাবির প্রেক্ষিতে মধুপুর-ধনবাড়ীর স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনম স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রেললাইন নির্মাণের দাবিতে একটি ডিও লেটার (আধা-সরকারি পত্র) দিয়েছেন।

স্থানীয়দের দাবি, মধুপুর ও ধনবাড়ীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে এ রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি জামালপুরের সঙ্গে টাঙ্গাইল অঞ্চলের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

প্রস্তাবিত রেলপথের সম্ভাব্য রুট হিসেবে দুটি পথের কথা ভাবা হচ্ছে। এর একটি হলো—জয়দেবপুর থেকে মির্জাপুর, সখীপুর, সাগরদিঘী, গারোবাজার, মোটেরবাজার, কাকরাইদ হয়ে ধনবাড়ী এবং সেখান থেকে জামালপুর পর্যন্ত। অন্য সম্ভাব্য রুটটি হলো—টাঙ্গাইল থেকে এলেঙ্গা, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী হয়ে জামালপুর পর্যন্ত।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মধুপুর-ধনবাড়ী অঞ্চলে কৃষি ও বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য দ্রুত ও কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহনের ক্ষেত্রে রেল যোগাযোগ বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে যাত্রীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি নতুন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনাও তৈরি হবে।

তাদের মতে, প্রস্তাবিত রেললাইন বাস্তবায়ন হলে মধুপুর, ধনবাড়ী, সখীপুর, ঘাটাইলসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ অনেকটাই কমবে। বিশেষ করে জামালপুরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হলে টাঙ্গাইলের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনম স্বপনের প্রধানমন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী। এখন প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তারা।

মধুপুর-ধনবাড়ীবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তাবিত রুটগুলো পর্যালোচনা করে সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে দ্রুত রেললাইন নির্মাণের উদ্যোগ নেবে। এতে দীর্ঘদিনের রেল যোগাযোগের দাবি বাস্তবে রূপ নেওয়ার পাশাপাশি বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থা।

এদিকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বাংলাভিশনকে বলেন, যেহেতু মাননীয় মন্ত্রীর আধা সরকারি পত্রে সখিপুর, মধুপুর এবং ধনবাড়ির গণমানুষের ভোগান্তি ও অর্থনৈতিক অংগ্রসরতা দূরীকরণের জন্য রেললাইন নির্মানের জন্য অনুরোধ করেছেন সেজন্য বাংলাদেশ রেলওয়ে বিষয়টি বিবেচনা করছে। এনিয়ে একটা সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা যেতে পারে। পরবর্তীতে অর্থায়ন সাপেক্ষে সরকারের পরিকল্পনা অনুযায়ী রেল লাইন নির্মান করা হবে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত