• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:২০, ১১ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৩৬, ১১ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে আল-আরাফা পরিবহনের বাসটি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে আরও এক যাত্রীর মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানান চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।

এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত যাত্রীরা জানান, দুটি যানবাহনের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত চার যাত্রীর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নীলফামারীর শহীদ উল্লাহ, তাঁর স্ত্রী আঞ্জুমআরা বেগম এবং রংপুরের নিলয়।

এদিকে দুর্ঘটনার পর পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত