কালুখালীর ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, মালিককে জরিমানা
রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিতে অনিয়মের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ও নষ্ট ফ্রিজ পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কালুখালী উপজেলা সদরে অবস্থিত সালেহা সামাদ হেলথ সার্ভিসেস নামের ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু হোসেন নিজেই আল্ট্রাসনোগ্রাফি করার সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ডাক্তার না হোয়েও তিনি নিয়মবহির্ভূতভাবে নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করছেন বলেও অভিযানে উঠে আসে। প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে একটি নষ্ট ফ্রিজ ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্টও পাওয়া যায়।
অভিযানে এসব বিষয় বিবেচনায় নিয়ে আবু হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন কালুখালীর সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন। তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে উল্লেখিত সমস্যাগুলো সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেন।
এ ছাড়া এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে আল্ট্রাসনোগ্রাফি না করানোর জন্যও নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবার নামে কোনো অনিয়ম বা প্রতারণা চোখে পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
বিভি/এআই













মন্তব্য করুন: