নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
প্রবল স্রোত ও পলি জমে নাব্য সংকটে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের গুরুত্বপূর্ণ ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর ৭ নম্বর ফেরিঘাট বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায়, ৭ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের এলাকায় পণ্যবাহী ট্রাক ও বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। এ সময় অনেক যাত্রীকে বাস ও ব্যক্তিগত যানবাহনের ভেতরেই অপেক্ষা করতে দেখা যায়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কাগজে-কলমে দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরিঘাট থাকলেও বাস্তবে সচল ছিল মাত্র ৩টি। সচল ঘাটগুলো হলো ৩, ৪ ও ৭ নম্বর ফেরিঘাট। তবে বৃহস্পতিবার রাত থেকে ৭ নম্বর ফেরিঘাটে নাব্য সংকটে ফেরি ভিড়তে না পারায় বন্ধ রয়েছে। তবে দৌলতদিয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর ফেরিঘাট সচল রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে।
সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান বলেন, ‘প্রবল স্রোতের কারণে প্রচুর পলি জমে নাব্য সংকট দেখা দিয়েছে। ফলে ৭ নম্বর ঘাটে ফেরিগুলো ভিড়তে সমস্যা হচ্ছে। ভিড়তে গেলে আটকে যাচ্ছে এ কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ঘাটটি বন্ধ রয়েছে। বর্তমানে ১২ টি ফেরি চলাচল করছে। তিন ও চার নম্বর ঘাট সচল রয়েছে।’
৭ নম্বর ঘাট চালুর বিষয়ে তিনি বলেন, ‘ড্রেজিং কাজ করতে হবে। ফেরি নিরাপদে ভিড়তে পারবে- এমন পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর ঘাটটি চালু করা হবে। ধারণা করা হচ্ছে ১০-১৫ দিনের মধ্যে ড্রেজিংয়ের কাজ শুরু হতে পারে। এরপর ড্রেজিং শেষ হতে সময় লাগবে কাজ শেষ হলে ঘাটটি আবার চালু করা হবে।’
এ বিষয়ে জানতে বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগের আরিচা ড্রেজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী (পুর) হাছান আহমেদের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বিভি/এআই













মন্তব্য করুন: