• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাড়ির আঙিনায় খেলছিল আপন ভাই-বোন; পুকুরে ডুবে গেল প্রাণ!

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাড়ির আঙিনায় খেলছিল আপন ভাই-বোন; পুকুরে ডুবে গেল প্রাণ!

নাটোরের লালপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো- ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের সন্তান আতিয়ারা খাতুন (৯) ও আবু বক্কর (৬)।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল ভাই-বোন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির পাশের পুকুরের কাছে চলে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রতিবেশীরা জানান, দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের পরিবেশ বিরাজ করছে। দুই শিশুই পরিবারের সবার কাছে অত্যন্ত আদরের ছিল। তাদের মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।

নিহত শিশুদের বাবা আতিকুল ইসলাম বলেন, ‘আমার দুইটা সন্তান আমার কলিজার টুকরা ছিল। তারা দুজন একসঙ্গে খেলতে গিয়েছিল, একসঙ্গেই দুজন চলে গেল। কখন যে তারা পুকুরে নেমেছে, আমরা বুঝতেই পারিনি। সব শেষ হয়ে গেল। এখন আমি কী নিয়ে বাঁচব?’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: