• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে মরিচ লাল, মসলার মিলকে লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে মরিচ লাল, মসলার মিলকে লাখ টাকা জরিমানা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে মরিচের গুঁড়ো লাল করা এবং নষ্ট ও পোকায় খাওয়া মরিচ দিয়ে মসলা তৈরির অভিযোগে একটি মসলার মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২১ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার দুর্গাপুরের বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ‘আরমান মসলার মিল’কে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আকস্মিক পরিদর্শনে মিলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়ো সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে দেখা যায়। এ সময় ভালো মরিচের সঙ্গে নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মেশানোর পাশাপাশি মরিচের গুঁড়োর রং আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহৃত রং মেশানোর সময় প্রতিষ্ঠানটিকে হাতেনাতে ধরা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রং মেশানো মরিচের গুঁড়ো এবং নষ্ট ও পোকায় খাওয়া মরিচ ধ্বংস করা হয়। পরে প্রতিষ্ঠানটির কাছ থেকে মুচলেকা নিয়ে দুর্গাপুর মার্কেট কমিটির জিম্মায় দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, খাবারে ক্ষতিকর রং ও পচা উপাদান মেশানো মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, দুর্গাপুর মার্কেট কমিটির নেতৃবৃন্দ এবং ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: