• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ছাগল আনতে গিয়ে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু!

প্রকাশিত: ১৯:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ছাগল আনতে গিয়ে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু!

ছবি: ফাইল ফটো

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের আক্রমণে প্রাণ হারিয়েছেন ৭০ বছরের এক নারী ও তার আড়াই বছরের নাতনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আদিবা। সে সৌদি আরবপ্রবাসী আরিফুল ইসলামের মেয়ে। মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত শিশুটি। নিহত নারীর নাম সুমারি খাতুন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নাতনি আদিবাকে সঙ্গে নিয়ে বাড়ির উত্তর পাশে ছাগল আনতে যান সুমারি খাতুন। সেখানে পৌঁছানোর পর হঠাৎ ভিমরুলের দল তাদের ওপর হামলা চালায়।

ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয় দুজনই। ঘটনাস্থলেই মারা যায় আড়াই বছরের আদিবা। পরে স্থানীয়রা সুমারি খাতুনকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান। তিনি বলেন, ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত