• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মহালছড়ি জোনের মেডিকেলে ক্যাম্পে সেবা পেলেন তিন শতাধিক মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মহালছড়ি জোনের মেডিকেলে ক্যাম্পে সেবা পেলেন তিন শতাধিক মানুষ

সড়ক নেই, নেই কোনো যানবাহন। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে স্থানীয়দের বাড়িতে পৌঁছাতেই লাগে দুই থেকে তিন ঘণ্টা। অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাওয়া যেন তাদের জন্য এক কঠিন লড়াই। গুরুতর রোগীকে অনেক সময় কাঁধে করে ১০-১৫ কিলোমিটার দূরের মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিতে হয়।

এমন বাস্তবতায় দীর্ঘদিন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মহালছড়ি জোনের আওতাধীন দেবতাপুকুর এলাকার থলিপাড়া ও ছাতিপাড়ার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুর্গম ওই এলাকায় দিনব্যাপী আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন বলেন, মহালছড়ির এই দুর্গম এলাকায় আগে কোনো ধরনের চিকিৎসাসেবা পৌঁছায়নি এবং কোনো মেডিকেল ক্যাম্পও হয়নি। বিষয়টি মহালছড়ি জোনের নজরে আসার পর দ্রুত মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘আজ তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। পাহাড়ের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তারাও স্বাচ্ছন্দ্যে ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।’

স্থানীয়রা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে জরুরি অবস্থায় রোগীকে কাঁধে করে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। নিজেদের এলাকায় চিকিৎসাসেবা পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

দুর্গম পাহাড়ের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত