বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তিন বন্ধুর
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের আটিপাড়া নামক স্থানে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহী ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন। তিনজনই এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং তারা সম্পর্কে বন্ধু বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকাগামী সুরভী পরিবহনের বাসটি দুর্ঘটনাকবলিত এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে ওই তিন বন্ধু মহাসড়কের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলে তিনজনই মারা যান।
এরপর বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। মহাসড়কের উপর মরদেহ পড়ে থাকতে দেখে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোটরসাইকেল চালক বিপরীতগামী বাসের সাথে সংঘর্ষে উভয়েরই দোষ ছিল। ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মারা যান। বাসের চালক হেলপার গাড়ি রেখে পালিয়েছে। যাত্রীদের বিকল্প পন্থায় বরিশাল পাঠানো হয়। মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনা আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: