• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সামরিক মর্যাদায় রাঙামাটিতে শান্তিরক্ষী নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সামরিক মর্যাদায় রাঙামাটিতে শান্তিরক্ষী নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার (ইএ-৩) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) তার নিজ জন্মভূমি রাঙামাটিতে যথাযোগ্য সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই সাহসী নৌসদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। শেষকৃত্য শেষে প্রয়াত ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে নিয়োজিত ব্যানএফএমইউ-১১ কন্টিনজেন্টে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরবর্তীতে ভারতীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর রাঙ্গামাটিতে পৈতৃক নিবাসে নিয়ে যাওয়া হয়।

জাতিসংঘ মিশনে তার অসামান্য অবদানের জন্য জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও মিশন প্রধান গভীর শ্রদ্ধা ব্যক্ত করেছেন। পাশাপাশি নৌবাহিনী প্রধান তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

১৯৮৭ সালে রাঙামাটির নানিয়ারচরের রামহরি পাড়া গ্রামে জন্মগ্রহণকারী ট্রোম্যান খীসা ২০০৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেছিলেন। শেষকৃত্যানুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তা, সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত