চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, ছুরিকাঘাতেও নিহত ১
টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুতের সঞ্চালন তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার বেকড়া ও ভারড়া ইউনিয়নে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা এলাকায় চুরির সময় স্থানীয়দের ধাওয়ার মুখে পড়েন গয়হাটা পূর্বপাড়া গ্রামের মুন্নাফের ছেলে ছামিনুল। একপর্যায়ে তিনি বারাপুষা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মজনু (৫০)-এর হাতে ধরা পড়েন। পালানোর চেষ্টা করে ছামিনুল সঙ্গে থাকা ছুরি দিয়ে মজনুকে এলোপাতাড়ি আঘাত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত মজনুকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছামিনুলকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, উপজেলার ভারড়া ইউনিয়নের উত্তর আগদিঘুলিয়া গ্রামে বিদ্যুতের তারের সঙ্গে পেঁচানো অবস্থায় নয়ন (২৫) নামের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা একটি চকের মধ্যে তাকে দেখতে পান। নয়ন আগদিঘুলিয়া বছির মার্কেট এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রেজাউলের ছেলে।
স্থানীয়দের ধারণা, বিদ্যুতের সঞ্চালন তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়নের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। একই উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে চুরি করতে গিয়ে একজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এবং চোর ধরতে গিয়ে আরেকজনের নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: