• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালকের

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালকের

কিশোরগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিন্টু মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া ওই গ্রামের মো. তৌহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। তবে নিয়মিত ট্রাক চালানোর কাজ না থাকায় পরিবারের আয়ের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশাও চালাতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকালেও অটোরিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিন্টু মিয়া। এ সময় গ্যারেজে চার্জে থাকা অটোরিকশার চার্জার খুলতে যান তিনি। চার্জার খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রাব্বি জানান, সকালে মিন্টু মিয়া গ্যারেজে থাকা অটোরিকশার চার্জার খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৌলাই ইউনিয়নের ইউপি সদস্য মতি বলেন, পরিবারের জীবিকা নির্বাহের জন্য মিন্টু মিয়া ট্রাক চালানোর পাশাপাশি অটোরিকশাও চালাতেন। সকালে অটোরিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতির মধ্যেই এমন দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় পরিবারটি হঠাৎ করে বড় ধরনের সংকটে পড়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বাংলাভিশনকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশাচালকের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: