সীমান্তে খড়ের নিচে লুকানো কালো বালতি, উদ্ধারে মিললো ১৯ ককটেলসদৃশ বস্তু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মো. কালামের (৩০) বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে রাখা একটি কালো বালতির ভেতর ককটেলসদৃশ বস্তু দেখতে পান বিজিবি সদস্যরা। পরে ঘটনাস্থল ঘিরে রেখে বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বালতির ভেতর থেকে মোট ১৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে।
উদ্ধার করা বস্তুগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুপুর ২টা ৩০ মিনিটে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় নিরলসভাবে কাজ করছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: