শিবগঞ্জে আদম ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাবুল আক্তার (৩৫) নামে এক আদম ব্যবসায়ীকে হাত-পা বেঁধে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানো এবং রাশিয়ায় যুদ্ধে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল আক্তার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন এবং পাশাপাশি আদম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির ও কটাসহ কয়েকজন ‘কথা আছে’ বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে কলমোগাড়া এলাকায় নিয়ে হাত-পা বেঁধে তাকে মারধর করে ফেলে রেখে যাওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বাবুল আক্তার এলাকার এক যুবককে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে ওই যুবক যুদ্ধে মারা যান। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও বিরোধের জের থেকে যায়।
ওসি বলেন, ওই বিরোধের জের ধরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের স্বজন বা সহযোগীদের পক্ষ থেকে বাবুলকে ডেকে নিয়ে মারধর করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: