• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রাতের আঁধারে ৮টি কাটিমন আমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাতের আঁধারে ৮টি কাটিমন আমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানের আটটি কাটিমন জাতের আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এর মধ্যে তিনটি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। বাকি পাঁচটি গাছের অর্ধেক কেটে দেওয়া হয়েছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাগানমালিক।

রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার মাঠে আমবাগানটিতে গাছ কাটার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা বাগানমালিককে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে গাছগুলোর এমন অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিক সুকচাঁন আলী।

সুকচাঁন আলী উপজেলার ওমরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তিনি অভিযোগ করেন, পাশের জমির মালিকের সঙ্গে আমগাছ নিয়ে বেশ কিছুদিন ধরে তার বিরোধ চলছিল। এ নিয়ে তাকে হুমকিও দেওয়া হয়েছিল। তার ধারণা, ওই বিরোধের জের ধরে রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলা হয়েছে।

স্থানীয় কয়েকজন বলেন, মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে। কিন্তু সেই বিরোধের জেরে গাছের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাতের আঁধারে গাছ কেটে ফেলা অপরাধ।

বিভি/এজেড

মন্তব্য করুন: