কঠোর নিরাপত্তায় জ্যেষ্ঠ রাজনীতিবিদ মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
গোপালগঞ্জের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মাহবুব আলী খান স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। সর্বশেষ ২০২২ সালের ১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বেদগ্রাম পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: