টিকটকে পরিচয়, বিয়ে করতে না পেরে একসঙ্গে বিষ খেলেন স্কুলছাত্র ও গৃহবধূ!
টিকটকে পরিচয়, তারপর প্রেম। আর সেই প্রেম মেনে না নেওয়ায় গাইবান্ধার সাঘাটায় প্রাণ গেল এক নবম শ্রেণির ছাত্র ও এক গৃহবধূর। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে নিজ বাড়ি থেকে আল আমিন মিয়া (১৫) নামে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে সাঘাটা থানা পুলিশ। সে ওই গ্রামের আজাদুল ইসলামের ছেলে।
একই ঘটনায় মারা গেছেন তাসলিমা আক্তার তাজমিন (২৫) নামে এক নারী। তিনি দক্ষিণ শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং পদুমশহর জোরডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী। এক সন্তানের জননী ছিলেন তিনি।
এলাকাবাসী জানান, টিকটকের মাধ্যমে তাদের দুজনের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবিবার (১১ অক্টোবর) তাসলিমা বিয়ের দাবি নিয়ে আল আমিনের বাড়িতে চলে আসেন। কিন্তু পরিবারের লোকজন এই অসম সম্পর্ক মেনে নিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে সোমবার রাতে দুজনেই একসাথে বিষপান করেন।
পরে স্বজনরা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দারুল হুদা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: