সুন্দরবন থেকে পাচারের সময় ৫০ লাখ টাকার কয়লাসহ ৯ জন ধরা
অবৈধভাবে পাচারের অভিযোগে বাগেরহাটে সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলা নদী থেকে ২৩০ টন কয়লা বোঝাই কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ।
সোমবার (১৯ অক্টোবর) তাদের আটক করা হয়েছে।
হাসান ভাণ্ডারী নামের ওই কার্গোটি মোংলার জয়মনি এলাকা থেকে কয়লা নিয়ে সুন্দরবন হয়ে পাথরঘাটায় যাচ্ছিল। বন বিভাগের টহলকালে অবৈধ অনুপ্রবেশের দায়ে কার্গোটিকে আটক করা হয়। শ্রমিক কর্মচারীদের ভাষ্য অনুযায়ী কার্গো টি ভাড়া করে পাথরঘাটা আমুয়া এলাকায় যাচ্ছিল। তবে এই কয়লার ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের কয়লাসহ আটক করা হয়।
আটকরা হলেন- মো. তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), মো. সুমন তালুকদার (২১), মো. নূর নবী হোসেন (৪২), মো. এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মো. মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও মো. কবির হোসেন (৪৫)। এদের সবার বাড়ি বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায়।
এ ঘটনায় শরণখোলা থানায় অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালান আইনে পৃথক দুটি মামলা করেছে বন বিভাগ। জব্দ কয়লা ও আটকদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সরকারি বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম।
তিনি বলেন, বন কর্মকর্তা শ্যামা প্রশাদ রায় বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। জব্দ কয়লা ও আটকদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত ২৩০ মেট্রিক টন কয়লার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে মোংলার জয়মনি এলাকায় নোঙ্গর করা মাদার ভ্যাসেল থেকে অবৈধভাবে এই কয়লা খালাস করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বন বিভাগ।
বিভি/টিটি













মন্তব্য করুন: