সোমবার থেকে ফের কর্মসূচির ডাক
সাজেকের অবরোধের ১০ দিন: আগামীকাল ১২ ঘণ্টার জন্য শিথিল
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে চলমান অবরোধের আজ (৩১ অক্টোবর) শনিবার ১০ দিন পূর্ণ হয়েছে। সকালে সাজেকের বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করেছেন আন্দোলনকারীরা। তবে সাধারণ মানুষের চরম দুর্ভোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং পাহাড়ি সম্প্রদায়ের মাসব্যাপী ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল রবিবার (১ নভেম্বর) এক দিনের জন্য ১২ ঘণ্টা অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
ভিডিও বার্তায় তিনি জানান, এলাকার সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামালসহ বিভিন্ন মালামাল পরিবহন এবং জরুরি যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত এই সময়সীমা শেষ হওয়ার পর সোমবার (২ নভেম্বর) থেকে পুনরায় আগের নিয়মে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে পাহাড়ি সম্প্রদায়ের মাসব্যাপী প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ পালনের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রেখেছেন আন্দোলনকারীরা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আলোচনা সাপেক্ষে বৌদ্ধ ভিক্ষুদের চলাচল ও প্রয়োজনীয় যানবাহন প্রবেশের ক্ষেত্রে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হয়েছে।
এই সুবিধা নিতে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সাজেকের পর্যটন সড়কে তৃতীয় দফায় চলমান টানা অবরোধের নবম দিন শেষে শুক্রবার রাতে এক দিনের জন্য কর্মসূচি শিথিলের এই ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
বিভি/এআই













মন্তব্য করুন: