ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
কিশোরগঞ্জের ইটনায় নৌপথে অবৈধভাবে সার পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নৌপুলিশ। এ সময় ১০৮ বস্তা সারবোঝাই একটি নৌকা জব্দ করা হয়েছে। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়ন বাজারসংলগ্ন নৌঘাটে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, নৌকাযোগে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরী ইউনিয়ন বাজারসংলগ্ন নৌঘাটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০৮ বস্তা সারসহ নৌকাটি জব্দ করে নৌপুলিশ।
ইটনা নৌপুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন বলেন, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে। সারগুলো এলংজুরী বাজারে খালাস করার কথা ছিলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: