মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেফতার
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের ভুজপুর থানা পুলিশ জানিয়েছে-গত ৩১ আগস্ট ভোরে ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের BTS রুমের লক গার্ড ভেঙে ৪টি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ৬টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করে। মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ , সাহিদ হোসেন, মো. শামসুদ্দিন, মো. মোজাম্মেল হক ও মো. ইউনুসকে গ্রেফতার এবং চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস এবং ২টি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: