বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন, গ্রেফতার ২
টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক দ্বন্দ্বের জেরে আপন বড় ভাইয়ের লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মো. লেবু (৫৫) মারা গেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
গ্রেফতারকৃতরা হলেন, নিহত ব্যক্তির আপন বড় ভাই মো. মালেক ভান্ডারী (৬০) এবং ভাবি লাভলী (৪৫)। উভয়ের বাড়ি টাঙ্গাইল জেলায়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসআরবি-১৪’র অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যেম এই বিষয়টি জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গত বছরের ০২ জুন বিকালে ঘাটাইল উপজেলার বীরচারী গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাই মালেক ভান্ডারী ও তার পরিবারের সাথে ছোট ভাই মো. লেবুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ছোট ভাইয়ের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করেন বড় ভাই, যার ফলে তিনি গুরুতর ও রক্তাক্ত জখম হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘাটাইল থানায় প্রথমে একটি মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তর করা হয়।
ঘটনার পর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায়, গত ০৪ নভেম্বর সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন কাজীপাড়া এলাকা থেকে ১ নম্বর আসামি মো. মালেক ভান্ডারী এবং শাহাপুর পাতালিপাড়া এলাকা থেকে ২ নম্বর আসামি লাভলীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: