• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সুন্দরবনের নদীতে নিখোঁজের ৫৬ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত: ০৯:১৫, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবনের নদীতে নিখোঁজের ৫৬ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার 

ছবি: সংগৃহীত

সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার ৫৬ ঘণ্টা পর ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সুন্দরবনের দুবলার চরের টানার মাথা খালের চর থেকে মরদেহটি উদ্ধার করে বন বিভাগ ও কোস্টগার্ড।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেখান থেকে রিয়াজ নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া যায়।

দুবলার চরে মাছ ধরতে যাওয়া জেলেশাজসহান মনা জানান, টানার মাথা খালের চরে একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা তাৎক্ষণিক বন বিভাগ ও কোস্টগার্ড কে খবর দেন। পরে বন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এর আগে গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মিজানুর রহমানের পরিচালনায় ‘ইকো ট্যুরিজম-২’ নামের একটি নৌযানে সুন্দরবন ভ্রমণে যান ১৯ জন পর্যটক। তাদের মধ্যে ছিলেন নরসিংদী, ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুর এলাকার বাসিন্দারা।

পরদিন ৬ নভেম্বর দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার চরে পৌঁছানোর আগেই নৌযানটি নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায়। নৌযানটি ছাড়ানোর জন্য পর্যটকরা পানিতে নামেন। পরে সবাই নৌযানে ফিরে এলেও যাত্রী গণনার সময় একজনকে পাওয়া যায়নি। এরপরই রিয়াজের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়।

খবর পেয়ে বন বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দুই দিনের অনুসন্ধান শেষে শনিবার রাতে দুবলার চরের অদূরে টানার মাথা খালসংলগ্ন নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, দুই দিনের অভিযানের পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

বিভি/এআই

মন্তব্য করুন: