পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
ছবি: সংগৃহীত
উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের বেলায় রোদের তেজ থাকলেও সন্ধ্যা নামার পর ঠান্ডা বাড়তে থাকে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিলো ১শ’ শতাংশ।
শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিলো ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সকাল গড়িয়ে সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোর ও সন্ধ্যার ঠান্ডা অনুভূতি থাকছে বেশ ভালোভাবেই। বিশেষ করে ভোরের হিমেল বাতাসের মধ্যেই বের হওয়া শ্রমজীবী মানুষকে দিনের কর্মযজ্ঞ শুরু করতে হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের বেলায় রোদের তেজ থাকলেও সকাল ও সন্ধ্যায় অনুভূত হচ্ছে শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে।
বিভি/এআই













মন্তব্য করুন: