• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ছোট ভাইয়ের লাশ দেখে সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের

প্রকাশিত: ২৩:৩৭, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ছোট ভাইয়ের লাশ দেখে সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের

চাঁদপুরের মতলবে ছোট ভাইয়ের লাশ দেখে সইতে না পেরে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) পৌরসভার নবকলস এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারে শোকের মাতম। 

মৃতরা হলেন— ছোট ভাই হোসেন খান (৫৫) ও বড় ভাই হাসেম খান (৬০)।

এলাকাবাসী ও মৃতের চাচাতো ভাই মোতালেব হোসেন খান জানান, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় দীর্ঘদিনের অসুস্থতায় ভুগে মারা যান ছোট ভাই হোসেন খান। সেখানে জোহরের নামাজ শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে নিজ বাড়িতে আনা হয় এবং বিকাল ৩টার দিকে দ্বিতীয় জানাজা শেষে দাফনের আয়োজন করা হচ্ছিল; কিন্তু ছোট ভাইয়ের লাশ দেখে একই দিন বিকাল ৩টার দিকে বড় ভাই হাসেম খানও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃতের ভাতিজা রাহি খান বলেন, ছোট কাকাকে বাড়িতে আনলে বড় কাকা চিৎকার করে বলেন— হে আল্লাহ, আপনি আমার ভাইকে না নিয়ে আমাকে নিয়ে যেতেন! এরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এর আধা ঘণ্টার ব্যবধানে বিকাল ৩টায় বড় কাকা হাসেম খানও মারা যান।

রাহি আরও জানান, হাসেম খানের দুই ছেলে ও এক মেয়ে এবং হোসেন খানের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা মোট চার ভাই ছিলেন।

নবকলস এলাকার বাসিন্দা সোহেল প্রধান বলেন, একদিনে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

এদিকে এশার নামাজ শেষে দাগন প্রধানীয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দুই সহোদরের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাবেক সভাপতি এমদাদ হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: