মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
ফেনী সীমান্তে বিজিবি-পুলিশের যৌথ অভিযান
বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সীমান্ত এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. লিটন মিয়া (৪১), মহিউদ্দিন (৪৫) ও জাহিদ (২২)।
বৃহস্পতিবার বিকালে ফেনীর পরশুরাম উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১০২ দশমিক ৯ কিলোমিটার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও সীমান্ত অতিক্রমসংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করা যায়।
বিজিবি অধিনায়ক বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি জানান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
সীমান্তবাসীর উদ্দেশে তিনি বলেন, অপরিচিত বা সন্দেহজনক কাউকে চলাফেরা করতে দেখলে কিংবা কেউ অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে তাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এআই













মন্তব্য করুন: