মেলাহীন দুবলারচরে এবারও শুধু পূজা ও পুণ্যস্নান আয়োজন
সুন্দরবনের দুবলার চরে আগামী ২০ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাসপূজা। তবে এবারও থাকছে না মেলা বা উৎসবের কোনো আয়োজন। বন বিভাগের বিধিনিষেধ মেনে নির্ধারিত পথে গিয়ে পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে পারবেন পুণ্যার্থীরা।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের রাসপূজায় কেবল সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। প্রবেশের সময় তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হবে। তবে মেডিকেল টিমের সদস্য ও অনুমোদিত সংবাদকর্মীরা এ বিধিনিষেধের বাইরে থাকবেন। একই সঙ্গে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের দুবলার চরে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী রাসপূজা অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
পূজায় অংশ নিতে বন বিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথ হলো- বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলা নদী, বল নদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর। নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর। ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, পূজায় অংশ নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। পুণ্যার্থীবাহী নৌযানগুলো বন বিভাগের তত্ত্বাবধানে একযোগে দিনের বেলায় যাতায়াত করবে। কেউ বিচ্ছিন্নভাবে সুন্দরবনে প্রবেশ বা বের হতে পারবেন না।
নির্ধারিত চেকপোস্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। এ ছাড়া নির্ধারিত পথ ও স্থান ছাড়া বনের কোনো খাল বা নদীতে অবস্থান করাও নিষিদ্ধ করা হয়েছে।
সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় প্রতিটি নৌযানে ডাস্টবিন রাখা এবং অপচনশীল বর্জ্য সেখানে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। কোনো নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল বা করাতসহ অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের রাসপূজায় শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। পাশাপাশি নির্ধারিত পাঁচটি নৌপথ ও অন্যান্য নির্দেশনা মেনেই পুণ্যার্থীদের যাতায়াত করতে হবে।
বিভি/মোংলা/পিএইচ













মন্তব্য করুন: