বেলুন নিয়ে খেলতে গিয়ে শ্বাসনালীতে আটকে প্রাণ গেল শিশু তাবাসসুমের
প্রতীকী ছবি
কুমিল্লার বরুড়ায় গলায় বেলুনের অংশ আটকে তাবাসসুম নামে তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বেলুন ফুলাতে গিয়ে সেটি ফেটে শ্বাসনালীতে আটকে গেলে শ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।
রবিবার (২২ নভেম্বর) বিকালে বরুড়া পৌরসভার কশামী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ওই গ্রামের মসজিদ বাড়ির বাসিন্দা মো. মহিন উদ্দিনের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহিন উদ্দিন মেয়েকে একটি বেলুন কিনে দেন। রবিবার বিকালে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে সেটি ফেটে যায়। এ সময় বেলুনের একটি অংশ তার শ্বাসনালীতে আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা কাউছার আহমেদ বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে যান। সেখানে গিয়ে শিশুটির হাত-পা ঠান্ডা দেখতে পান। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারেন, বেলুনটি মুখে দেওয়ার পরই তাবাসুম অস্বাভাবিক আচরণ শুরু করে। বেলুনের অংশটি বের করার চেষ্টা করেও তারা সফল হননি।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে শ্বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তিনি শিশুটির মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি বলেও জানান তিনি।
বিভি/টিটি













মন্তব্য করুন: