• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দুর্গম পাহাড়ে ৩২৫ পরিবারে সুপেয় পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী

আল ফয়সাল বিকাশ, বান্দরবান

প্রকাশিত: ২৩:২২, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:২৭, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুর্গম পাহাড়ে ৩২৫ পরিবারে সুপেয় পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি পাড়াগুলোতে দীর্ঘদিনের পানীয় জলের সংকট। খাবার কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য এক কলসি পানি সংগ্রহ করতে পাড়াবাসীকে নামতে হতো ২০০ থেকে ৩০০ ফুট নিচে ঝিরিতে। কাঁচা ও পিচ্ছিল পথ দিয়ে ঝিরিতে নামতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে আহত হতেন অনেকে। তাদের এই দুর্ভোগ লাঘবে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম ১০টি পাড়ার ৩২৫টি পরিবারের জন্য পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে সেনাবাহিনী। চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতায় বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে রুমা সেনা জোনের ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৪৪ লাখ টাকা ব্যয়ে এ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে।

দুর্নিবার পাড়ার বাসিন্দা এ্যামেলী বম জানান, আগে তাদের ঝিরি থেকে অনেক কষ্ট করে পানি সংগ্রহ করতে হতো। এখন সেনাবাহিনী গ্রামে পানির ব্যবস্থা করে দেওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে নারীদের দুর্ভোগ কমেছে। তিনি বলেন, ‘আমি গর্ভবতী নারী। আগে পানি সংগ্রহ করতে অনেক কষ্ট হতো। এখন বাড়ির কাছে পানির ব্যবস্থা হওয়ায় আমার জন্য অনেক সুবিধা হয়েছে।’

পাড়ার অন্য বাসিন্দারাও জানান, আগে ২০০ থেকে ৩০০ ফুট নিচে কাঁচা ও পিচ্ছিল পথ দিয়ে ঝিরি থেকে পানি আনতে হতো। এ সময় অনেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। এখন বাড়ির কাছেই সুপেয় পানি পাওয়ায় তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ কমেছে। এ উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত। পাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়ায় সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডারসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। স্থানীয়দের যেকোনো প্রয়োজনে বিনা সংকোচে আশপাশের সেনাক্যাম্পে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পাড়াবাসীর বিভিন্ন সমস্যা নিরসনে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিভি/বান্দরবান/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত