বিচ্ছেদের পর আর বিয়ে না করার শপথ, দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের অবসানের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামের এক যুবক। তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা জন্ম দেয়।
মামুন উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেনের ছেলে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন মামুন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করতে শোনা যায় তাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।
স্থানীয় বাসিন্দা কাজল জানান, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, তার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করেছেন—এমন একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: