• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পানিতে ডুবে যাওয়া শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, অতঃপর...

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৬, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পানিতে ডুবে যাওয়া শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, অতঃপর...

নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে যাওয়া তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধারের পর নিজের গাড়িতে করে দ্রুত হাসপাতালে নিয়ে যান জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে হাসপাতালে চিকিৎসা দিয়েও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। রবিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় সড়কের পাশে এক শিশুকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তিনি গাড়ি থামান। পরে আর দেরি না করে শিশুটিকে নিজের গাড়িতে তুলে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।

হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষ করে নাটোরে ফেরার পথে শাখারীপাড়ায় শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নাটোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত সাদিপ হোসেন (৩ বছর ৬ মাস) নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।

বিভি/নাটোর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত