ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাক চাপায় বাবার মৃত্যু, মা আশঙ্কাজনক
সাতক্ষীরার শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৭০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তার স্ত্রী রাবেয়া খাতুনও গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গোডাউন মোড় এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ তার ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী রাবেয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ভেটখালি গ্রামে। পথিমধ্যে বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয় এবং তার স্ত্রী রাবেয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, ছেলের বিয়েকে ঘিরে বাড়িতে যখন আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিলো, ঠিক সেই মুহূর্তে এমন দুর্ঘটনার খবরে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: