• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

হাবিবুল্লাহ খান হাবিব, টুঙ্গিপাড়া 

প্রকাশিত: ০৮:২৯, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৩০, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আট হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আট হাজার জনকে আসামি করা হয়েছে। 

‎টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

‎মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত টুঙ্গিপাড়া থানায় দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

‎ক্ষয়ক্ষতির বিষয়ে মামলার বিবরণীতে জানা যায়, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।

এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় উল্লেখ করা হয়েছে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা উল্লেখ করা হয়েছে । সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

‎এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারাসহ দণ্ডবিধি এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

‎এদিকে, এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত