• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে আবার

প্রকাশিত: ১৬:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মুগ্ধসহ ১১ জন হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে আবার

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চার্জশিট বা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আবারও পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার মোট ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ১১ অক্টোবর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই নতুন দিন ধার্য করেন। বিচারিক প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এদিন মামলাটির অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা থাকলেও ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় আদেশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। এর আগে গত ২০ আগস্ট ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ হস্তান্তর করা হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই মামলায় দুটি পৃথক অভিযোগ গঠন করেছে। জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়ে বিইউপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ৭ জনকে হত্যা করা হয়। এর মধ্যে উবারচালক মোখলেছুর রহমানকে পুলিশের এপিসি দিয়ে পিষ্ট করে মরদেহ তুরাগ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। একই সাথে ৫ জনকে গুলি করে গুরুতর জখম করা হয়।

এছাড়াও, ১৯ জুলাই একই এলাকায় পুনরায় গুলি চালিয়ে রিদোয়ান শরীফ রিয়াদ জয়সহ ৪ জনকে হত্যা এবং ১ জনকে গুরুতর আহত করা হয়। মামলাটিতে ২৬ জন আসামির মধ্যে ৮ জন বর্তমানে গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ডিএমপির উত্তরা বিভাগের সাবেক এডিসি মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মজিবুর রহমান ও উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন।

অন্যদিকে, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীমসহ বাকি ১৮ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: